আবনা ডেস্ক: জার্মানিতে বোরকা পরিধান করা নিষিদ্ধ হতে পারে। সন্ত্রাস বিরোধী তৎপরতার অংশ হিসেবে সরকার এ সিদ্ধান্ত নিতে পারে।
স্থানীয় গণমাধ্যম বলছে, দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী এ সংক্রান্ত একটি পরিকল্পনায় সমর্থন দেবেন।
এই পরিকল্পনায় আরও রয়েছে অপরাধীদের দ্রুততার সঙ্গে দেশ থেকে বহিষ্কার এবং চিকিৎসক-রোগী গোপনীয়তার শর্ত শিথিলের প্রস্তাব।
জার্মানির কয়েকটি শহরে সম্প্রতি বারবার হামলা হচ্ছে এবং এর বেশ কয়েকটি হামলার সঙ্গে রয়েছে সন্ত্রাসীদের যোগসাজশ।
এরই পরিপ্রেক্ষিতে দেশটিতে মহিলাদের বোরকা পরার উপর নিষেধাজ্ঞা দেবার মত সিদ্ধান্তের প্রস্তাব নিয়ে আলোচনা চলছে।
স্বরাষ্ট্রমন্ত্রী থমাস ডে মেইজিয়েরে বৃহস্পতিবার এ সংক্রান্ত কিছু প্রস্তাবনা প্রকাশ করবেন বলে কথা রয়েছে।
ইসলামী আইন মোতাবেক বোরকা মহিলাদের জন্য একটি অবশ্য পরিধেয় পোশাক যা পুরো মাথা এবং সমগ্র শরীর আচ্ছাদিত করবে। জার্মানীতে পোশাক পরিচ্ছদের উপর তেমন কোনো নিষেধাজ্ঞা নেই।
এমনকি একটি সরকারি কমিটি ২০১২ সালে একটি প্রতিবেদন দিয়েছিল, যেখানে বলা হয়েছিল বোরকা এবং মুখমণ্ডল আড়াল করার পোশাক নিকাব নিষিদ্ধ করা হবে অসাংবিধানিক।
তবে কিছু ব্যতিক্রম রয়েছে। যেমন, জার্মানিতে ফুটবল মাঠে গিয়ে মুখমণ্ডল আড়াল করা বা ঢেকে রাখা নিষিদ্ধ।
প্রসঙ্গত, আগে ফ্রান্স, বেলজিয়াম এবং ইতালির কিছু শহরে বোরকা পরিধানের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল।#বিবিসি